বৃহস্পতিবার
১৪ মে ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: ওমানে একই পরিবারের চার সহোদর বাংলাদেশির মরদেহ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। কয়েকদিন পর যে বাড়িতে বিয়ের আনন্দে মুখর হওয়ার কথা ছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি আর কান্নার মাতম।
বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
ওমানে অবস্থানরত তাদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়। পরে বিষয়টি নিশ্চিত করেন লালানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুব।
পরিবার সূত্র জানায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন চার ভাই। এর মধ্যে এক ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল প্রস্তুতি। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হওয়ার পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
জানা গেছে, বুধবার সকালে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা। এতে গ্যাস লিকেজ বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।