রবিবার
১৭ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর মিরপুরের শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০ থেকে ১৫০ সদস্যকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শাহআলী থানায় মাজারের ভক্ত রেশমি বেগম এ মামলা দায়ের করেন।
এদিকে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— আরমান, রাসেল ও আজম।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, “হামলায় আহত রেশমি বেগম নামে একজন মামলা করেছেন। এর ভিত্তিতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এজাহারভুক্ত আসামি কিনা, সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। যদিও মামলার আসামিদের তালিকায় রাসেল ও আজম নামে দুজনের নাম রয়েছে।
বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওরশ চলাকালে লাঠিসোঁটা হাতে একদল লোক মাজারে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
হামলার শিকার কয়েকজন জিয়ারতকারী দাবি করেছেন, হামলাকারীরা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দলবদ্ধ হয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মাজারের সিন্নি গাছের গোড়ায় থাকা লাল কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করা হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করেছেন বাদী।
বাদী রেশমি বেগম অভিযোগ করেন, হামলা ঠেকাতে গেলে তাকে মারধর করা হয় এবং কাপড়চোপড় টানা-হেঁচড়া করে যৌন নির্যাতন করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা মানতের খিচুড়ি রান্নার চুলা ও পাতিল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে। পাশাপাশি বাদীর কাছে থাকা ৬ হাজার টাকা এবং জিয়ারতকারীদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা লুট করা হয়।
রেশমি বেগম আরও বলেন, একপর্যায়ে মাজারের ভক্ত ও উপস্থিত লোকজন প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।
এদিকে ঘটনাটিকে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।