রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৭ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান দ্রুত একটি স্থায়ী শান্তিচুক্তিতে না পৌঁছালে দেশটির জন্য সামনে “খুব খারাপ সময়” অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছানো শুধু আমেরিকার নয়, ইরানের নিজেদের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, নতুন করে দ্বিপক্ষীয় আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা পেয়েছে তেহরান।

তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য ও “সাংঘর্ষিক বার্তার” কারণে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো ইরানের গভীর অবিশ্বাস রয়েছে।

ইরান দাবি করেছে, অতীতে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলাকালে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। ফলে সেই তিক্ত অভিজ্ঞতা তেহরানকে নতুন করে ভাবিয়ে তুলছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প খুব শিগগিরই ইরান ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।

প্রতিবেদনে দাবি করা হয়, ওয়াশিংটনের শীর্ষ সামরিক উপদেষ্টারা নতুন সামরিক অভিযানের একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। আলোচনায় অচলাবস্থা তৈরি হলে ট্রাম্প ইরানে আরও ব্যাপক হামলার অনুমোদন দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অন্যদিকে মধ্যস্থতাকারী দেশগুলো পর্দার আড়াল থেকে ইরানকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দীর্ঘদিন অচল থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান যদি কূটনৈতিক চাপের মুখে হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন।