রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৭ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইয়াবা রুট বন্ধে চট্টগ্রামে জোরদার অভিযান হবে: এসপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরকে আর ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে থাকতে দেওয়া হবে না। সেখানে স্থায়ীভাবে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে।

রবিবার (১৭ মে) সকাল ১১টায় নগরীর দুই নম্বর গেটে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব নেওয়ার আগেই জঙ্গল সলিমপুর নিয়ে নানা গল্প শুনেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনাও আলোচিত ছিল। তবে যৌথ বাহিনীর অভিযান ও সাম্প্রতিক কার্যক্রমের কারণে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

তিনি বলেন, “জঙ্গল সলিমপুরকে কেউ যেন দেশের ভেতরে আরেকটি দেশ মনে না করে, সেটি নিশ্চিত করতে চাই। সেখানে স্থায়ীভাবে পুলিশ থাকবে। আপাতত দুটি স্কুলে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজও চলছে।”

মাসুদ আলম জানান, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ একাডেমি স্থাপনের উদ্যোগও রয়েছে। এতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। অনেক সময় তথ্য আগেই ছড়িয়ে পড়ে। তাই অভিযান বা গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য দ্রুত জানাতে পুলিশ কাজ করবে। জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন তিনি।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কক্সবাজার-মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে এবং চট্টগ্রাম সেই রুটের গুরুত্বপূর্ণ অংশ। এজন্য মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, চট্টগ্রাম জেলায় প্রায় আড়াইশ পশুর হাট রয়েছে। গরুর হাট ও পশু পরিবহনে নিরাপত্তা বাড়ানো হবে। বড় অঙ্কের টাকা বহনে ব্যবসায়ীরা চাইলে পুলিশি সহায়তা পাবেন।

এছাড়া মহাসড়কে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করবে বলেও জানান তিনি।

সভায় চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং প্রযুক্তিনির্ভর সেবার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার মাসুদ আলম।