রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২১ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ডানাটা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদি।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিশেষ করে বিমান পরিবহণ ও পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

আলোচনার সময় আমিরাতের রাষ্ট্রদূত রাজধানীর তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে ডানাটার আগ্রহের কথা তুলে ধরেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মিল্লাত জানান, ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ প্রক্রিয়া পুরোপুরি শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রয়োজনীয় পরিচালনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমানবন্দরের সেবা উন্নয়ন এবং যাত্রীদের আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।