বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২২ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে এমটি ফসিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে আসা দ্বিতীয় ক্রুড অয়েলের চালান।

শুক্রবার (২২ মে) ভোররাতে ২৪৮ দশমিক ৯৬ মিটার দীর্ঘ পানামার পতাকাবাহী জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে ছোট ট্যাংকার জাহাজে করে তেল নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারি-তে।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান বলেন, এমটি ফসিল বহির্নোঙরে পৌঁছেছে এবং লাইটারিংয়ের প্রস্তুতি চলছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের সরবরাহ ব্যাহত হওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও অকটেনবাহী জাহাজ আসায় বড় ধরনের জ্বালানি সংকট এড়ানো সম্ভব হয়।

সূত্র জানায়, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিপিসির জন্য আনা আরেকটি ক্রুডবাহী জাহাজ নর্ডিকস পলাক্স সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে এক লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া গত ৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং সফলভাবে ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাস করে।

বর্তমানে ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।