রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৪ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংসদ ভবনে সৌরবিদ্যুতের উদ্বোধন—‘সবুজ উন্নয়নের পথে এগোচ্ছে বাংলাদেশ’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য গ্রিড-সংযুক্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সৌরশক্তির প্রসারের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি ‘সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে’ পরিণত হবে।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।”

তিনি বলেন, সংসদ ভবনে এক মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা দেওয়া হলো।

প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে বাংলাদেশ খুব দ্রুতই একটি সবুজ উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।”

লুই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক এই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার দেখিয়ে আমরা প্রমাণ করতে চাই—নেতৃত্ব শুধু নীতিতে নয়, বাস্তব কাজেও প্রতিফলিত হতে হবে।”

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন বাংলাদেশের বাস্তবতা। তাই টেকসই জ্বালানির পথে এগোনো এখন পরিবেশগত দায়বদ্ধতার পাশাপাশি অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে ৪ থেকে ৫ কিলোওয়াট ঘণ্টা সৌর বিকিরণ পাওয়া যায়। দেশের অসংখ্য ছাদ, শিল্প এলাকা ও উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা বহন করছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ সংসদ সদস্য ও কর্মকর্তারা।