রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রবিবার

২৪ মে ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে চোর সন্দেহে গণপিটুনি—যুবকের মৃত্যু, আটক ৩

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি কারখানায় চোর সন্দেহে মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় কারখানায় দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে।

একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হাসপাতাল চত্বর থেকে কারখানার মানবসম্পদ বিভাগের ম্যানেজার মো. মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।

থানার উপ-পরিদর্শক মো. সেলিম বলেন, “ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”