রবিবার
২৪ মে ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: উন্নয়ন কর্মকাণ্ডে চলমান ধীরগতির মধ্যেই চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি করেছে সরকার। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এডিবির প্রেসিডেন্ট মাতাসা কান্দাসহ সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
চুক্তির আওতায় থাকা প্রকল্পগুলো হলো—
— স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)
— সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)
— সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প
— নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প
রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি কমে গেছে। এতে বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি এবং অর্থছাড়—দুই ক্ষেত্রেই বড় ধরনের পতন দেখা গেছে।
ইআরডির হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিদেশি অর্থছাড় হয়েছে ৪২৩ কোটি ৬২ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫১৬ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ, অর্থছাড় কমেছে প্রায় ১৮ শতাংশ।
একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৮০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশের বেশি কম। গত এপ্রিলে কোনো বিদেশি ঋণের প্রতিশ্রুতিও পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে এডিবির বড় অঙ্কের ঋণচুক্তিকে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এডিবির দ্রুত ও সময়োপযোগী অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের বৈঠকে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে, যা সরকারের নির্বাচনি ইশতেহার ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।