শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৫ মে ২০২৬

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শিশু আয়াত হত্যা মামলার রায় ১৭ জুন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা হবে আগামী ১৭ জুন।

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে গত শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।

আদালতের পিপি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। শুনানি শেষে আদালত আগামী ১৭ জুন রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ি এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে জানা যায়, প্রতিবেশী আবীর আলী তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্তে উঠে আসে, আরবি পড়তে যাওয়ার পথে আয়াতকে কোলে করে নিজেদের বাসায় নিয়ে শ্বাসরোধে হত্যা করেন আবীর। পরে মরদেহ ছয় টুকরো করে গুমের চেষ্টা চালান তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। তবে কোথাও আটকে রাখার ব্যবস্থা না থাকায় তাকে হত্যা করা হয়। পরে আয়াতের বাবার কাছে টাকা দাবি করার পরিকল্পনাও ছিল আবীরের।

তদন্ত চলাকালে আবীরের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, আয়াতের জুতা এবং মরদেহের বিভিন্ন খণ্ড উদ্ধার করা হয়। হত্যার পর আবীরের বাসায় পাওয়া রক্তের নমুনার ডিএনএর সঙ্গে শিশু আয়াতের ডিএনএর মিলও পাওয়া যায়।

তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ কুমার দে। অভিযোগপত্রে আবীর আলীকে প্রধান আসামি করা হয়।

তবে হত্যাকাণ্ডের ঘটনা জেনেও গোপন রাখার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে শিশু আদালতে পৃথক বিচার চলছে বলে জানিয়েছেন পিপি জালাল উদ্দিন।