সোমবার
২৫ মে ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বরিশালের গৌরনদী উপজেলার মো. আব্দুল আলীম (৩৭), ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. মিজানুর রহমান মিরাজ (৪০) এবং হাজারীবাগ এলাকার মো. ইলিয়াছ (৩৭)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, রোববার (২৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাজারের ভাই ভাই মার্কেটসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে চালক আব্দুল আলীমকে আটক করা হয়। পরে গাড়ির পেছনে থাকা একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়।
এসব প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার ওজন প্রায় পাঁচ কেজি।
ডিবি কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম জানান, ইয়াবার মূল মালিক আরেকটি প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছেন। পরে একই এলাকায় অভিযান চালিয়ে বিকেল পৌনে ৩টার দিকে দ্বিতীয় একটি প্রাইভেটকার থামানো হয়। সেখান থেকে মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।