বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৭ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতকানিয়ায় ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।

বুধবার সকালেই ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি দেন দরবারের অনুসারীরা।

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবে হজ পালনের পরদিন ঈদ উদযাপনের ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের আগেই ঈদ পালন করা হয়।

দরবার সূত্র জানায়, প্রায় দুই শতাব্দী ধরে হানাফি মাযহাব অনুসরণ করে ‘ইয়াওমুল আরাফাহ’ বা হজ দিবসের পরদিন ঈদুল আজহা উদযাপন করে আসছেন তারা।

সকাল ১০টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

দরবারের পক্ষ থেকে জানানো হয়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়া, গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনাসহ বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে।

এছাড়া চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ বিভিন্ন এলাকাতেও অনুসারীরা একই দিনে ঈদ পালন করেন।

চট্টগ্রামের অন্যান্য উপজেলার মধ্যে বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বিভিন্ন গ্রামেও ঈদ উদযাপন করা হয়েছে।

এছাড়া ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলায়ও দরবারটির অনুসারীরা বুধবার ঈদ পালন করেছেন।

মির্জাখীল দরবার শরীফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “হজের দিন ও চাঁদের অবস্থান নিশ্চিত হওয়ার পরই আমরা ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিই। দীর্ঘদিন ধরে এ নিয়ম অনুসরণ করে আসছি।”

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।