শুক্রবার
২৯ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় ঈদের আগের তুলনায় বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৯ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও ও বনশ্রী এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি ও আড়তে কম সরবরাহের কারণে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
বাজারে গিয়ে দেখা যায়, পাকা টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা।
একইভাবে করলার দাম বেড়ে হয়েছে ৮০ থেকে ৯০ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজি, আর ঢ্যাঁড়সের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।
এছাড়া কাঁচা মরিচ ও শসার দামও বেড়েছে। ঈদের আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হতো ২০ টাকায়, এখন তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি ৩০-৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, কোথাও কোথাও ১০০ টাকাও রাখা হচ্ছে।
রামপুরার সবজি বিক্রেতা কায়সার জানান, ঈদের কারণে অনেক আড়ত বন্ধ থাকায় গ্রাম থেকে সবজিবাহী ট্রাক কম এসেছে। ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, দু-এক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে।
ভ্যানে সবজি বিক্রি করা টিটু মিয়া বলেন, আড়তেই সবজির দাম বেড়েছে। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। ঈদের আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে বলে জানান তিনি।
অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদের পরও সংসারের প্রয়োজন মেটাতে সবজি কিনতেই হচ্ছে। রামপুরা বাজারে আসা চাকরিজীবী নাজমুল হোসেন বলেন, “শুধু মাংস দিয়ে তো আর সবসময় খাওয়া যায় না। তাই বাড়তি দাম হলেও কিছু সবজি কিনতে হচ্ছে।”
মালিবাগ হাজীপাড়া ও খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকানই বন্ধ রয়েছে। অল্প কিছু ব্যবসায়ী সীমিত পরিমাণ সবজি নিয়ে বসেছেন।
সবজি বিক্রেতা মো. বকুল বলেন, ঈদের পর সবজির দাম কিছুটা বাড়ে, এটা স্বাভাবিক। এছাড়া টানা বৃষ্টিতে ক্ষেতেরও ক্ষতি হয়েছে। তবে বর্তমানে চাহিদা কম থাকায় দাম তুলনামূলক কম বেড়েছে। তার আশঙ্কা, চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে।