রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩০ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যান–এ অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী এবং আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মাজার জিয়ারত শেষে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।