মঙ্গলবার
০২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে সরকার। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় দাম বাড়ানো হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।