মঙ্গলবার
০২ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ সদস্যদের আরও পেশাদারত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়ন করা। জনসাধারণের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশি সেবা জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয়। অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।