মঙ্গলবার
০২ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও বৈশ্বিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নতুন দায়িত্ব পালনে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান।
নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি দেশের মধ্যে তিনি ৯৯টি ভোট লাভ করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট।
খলিলুর রহমান আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।