শুক্রবার
০৫ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরীতে ওঠার প্রস্তুতিকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ জানায়, স্থানীয় প্রশাসনের নির্দেশে বাসের সব যাত্রীকে আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে কোনো যাত্রী হতাহত হননি। তবে বাসটির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাশাপাশি ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাসটি ফেরিতে ওঠার আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৬ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক মাসের মাথায় আবারও একই ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।