মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৬ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে রহস্যজনক মৃত্যু, পাহাড়ে উদ্ধার বাঁধা অবস্থার লাশ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকার একটি লিচুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পাহাড়ে গেলে তারা লাশটি দেখতে পান। নিহত ব্যক্তির দুই হাত ও দুই পা পেছনের দিকে বাঁধা ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

মাহফুজুর রহমান জানান, জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।