রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

তামিম ইকবালই বিসিবির নতুন সভাপতি

ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন তিনি।

রোববার (৭ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির নির্বাচনে প্রথমে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তামিম। পরে পরিচালকদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

সভাপতি পদে তামিম ইকবালই একমাত্র প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এর মাধ্যমে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনের পর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়া তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। একই ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হন ১২ জন। বাকি চারজন—বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ—পরাজিত হন।

ভোটের ফলাফলে তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।

ক্রিকেটার হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের পর প্রশাসনিক দায়িত্বে তামিমের এই নতুন অধ্যায়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।