রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৮ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জনগণের দোরগোড়ায় না পৌঁছালে বাজেটের সুফল মিলবে না: রেজাউল করিম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতার অভাব থাকলে আলোচনা কেবল টেবিলেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার সুফল জনগণ পায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (৮ জুন) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, দেশের জনগণের জন্য প্রণীত বাজেটের সুফল যদি সাধারণ মানুষের দোরগোড়ায় না পৌঁছায়, তাহলে সেই বাজেটের প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার এলেও বর্তমান সরকার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, যার মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দেশের কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।

বক্তব্যে তিনি বলেন, শরিয়াহভিত্তিক নীতি-আদর্শ অনুসরণ ছাড়া রাষ্ট্র পরিচালনায় কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। শাসকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সম্পদ ও দায়িত্ব একটি আমানত; কিন্তু রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে দুর্নীতি ও অনিয়ম বাড়তেই থাকে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি ঋণের বোঝা ক্রমেই বাড়ছে এবং এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। তিনি দাবি করেন, মাথাপিছু ঋণের চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন ড. আ ফ ম খালিদ হোসেন, সোহরাব হাসান, মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, গোলাম মসীহ, সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী এবং আশরাফ আলী আকন। বৈঠক পরিচালনা করেন গাজী আতাউর রহমান।