বুধবার
১০ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা ও মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময় সুদৃঢ় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান।
বুধবার (১০ জুন) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাসী। সংবিধানে বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহাবস্থান ও ন্যায়বিচারের প্রতি যে অঙ্গীকার রয়েছে, তা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ সবসময় শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে অবস্থান নেবে। পাশাপাশি যেকোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে নিরাপদ ও শান্তিময় পৃথিবী গঠনে বহুপাক্ষিক কূটনীতি ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন উল্লেখ করে তাদের আত্মত্যাগকে বিশ্বশান্তির জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।
প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর দুই লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশের ৬৩টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন অঞ্চলে ১০টি মিশনে দায়িত্ব পালন করছেন। এছাড়া হাইতিতে নতুন একটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের প্রস্তুতিও চলছে।
নারী শান্তিরক্ষীদের ভূমিকাও তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে প্রায় ১১ শতাংশ নারী সদস্য দায়িত্ব পালন করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে এবং নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখার মাধ্যমেই বাহিনীর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা সম্ভব। দেশের ভেতরে ও বাইরে যেখানেই দায়িত্ব পালন করা হোক না কেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।