শুক্রবার
১২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের একদিন পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত কৌশল তুলে ধরবেন। পাশাপাশি বাজেট নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন বলে জানা গেছে।
গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতির চাপ কমিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করা, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করা।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও উৎপাদনমুখী, কর্মসংস্থানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ধারায় এগিয়ে নিতে সরকার বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন, যেখানে উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে।