শনিবার
১৩ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না।
তিনি আরও বলেন, “এই একটি শাস্তির মাধ্যমে দেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য একটি বার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।”
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দল-মত নির্বিশেষে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সেবা পেতে ঘুষের প্রয়োজন নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি নতুন পাইলট প্রকল্পের কথাও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে নেওয়া হবে।
এছাড়া চীনের সহযোগিতায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার (দোলন), মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নান।