শনিবার
১৩ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “সময় খুব সীমিত। সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের রায় স্বেচ্ছায় মেনে না নেয়, তাহলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য হতে হবে। ভালোয় ভালোয় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না।”
নেতাকর্মীদের জেল বা ফাঁসির ভয় দেখিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “দেশ ও জনগণের স্বার্থে আমরা বারবার জেলে যেতে এবং জীবন দিতেও প্রস্তুত।”
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিরোধী দলের বাজেট সমালোচনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বাজেটের সমালোচনা গণতন্ত্রের স্বাভাবিক অংশ এবং তা নিয়ে সরকারের ধৈর্যশীল হওয়া উচিত।
সমাবেশে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘোষিত বাজেটে দুর্নীতি, লুটপাট, ব্যাংক খাতের সংকট ও কর্মসংস্থানের সমস্যার কার্যকর সমাধান নেই।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে আবারও এস আলম গ্রুপের প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কারের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন অলি আহমদ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ প্রধান, আসাদুজ্জামান ফুয়াদ, এ কে এম আনোয়ারুল ইসলাম এবং হামিদুর রহমান আযাদ।