সোমবার
১৫ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) নগরের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। ফলে পথচারীদের চলাচল এবং যানবাহন চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনভোগান্তি দূর করতে এসব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পাহাড়তলী থানা পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
চসিক জানিয়েছে, নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।