মঙ্গলবার
১৬ জুন ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে হিজরি নববর্ষ ১৪৪৮ এবং পবিত্র মহররম মাস। আগামী ২৬ জুন, শুক্রবার (১০ মহররম) সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এবার ২৯ দিনে শেষ হয়েছে পবিত্র জিলহজ মাস। হিজরি সনের প্রথম মাস মহররমের মধ্য দিয়েই শুরু হচ্ছে নতুন ইসলামি বছর।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরার দিনে কারবালার মর্মান্তিক প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) শাহাদতবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই আশুরা মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে।
এছাড়া ইসলামের ইতিহাসে আশুরা আরও বহু তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী। হাদিসে আশুরার রোজার বিশেষ ফজিলতের কথাও উল্লেখ রয়েছে। বাংলাদেশে আশুরা উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হয়।