মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দরজার সামনে কান্নার শব্দ, পলিথিন খুলতেই মিলল নবজাতক

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাড়ির সদর দরজার সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় বাসিন্দা মীর হোসেনের। কাছে গিয়ে কান্নার শব্দ শুনে তিনি প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে সদ্যজাত একটি কন্যাশিশু রয়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাটের সেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।

মীর হোসেন বলেন, “বাড়ির সামনে একটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখে কাছে যাই। তখন ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পাই। প্যাকেট খুলে নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিই। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয়দের ধারণা, জন্মের পরপরই অজ্ঞাত কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক জানান, সকাল ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রথমে তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন ছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছেন। হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির ভবিষ্যৎ দেখভালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।