বুধবার
১৭ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার্যপ্রণালি বিধি ও সংসদীয় রীতিনীতি মেনে চলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়; এখানে নির্ধারিত নিয়ম ও সময় মেনেই বক্তব্য দিতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনের শুরুতে পয়েন্ট অব অর্ডার নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার পর স্পিকার এ বিষয়ে দিকনির্দেশনা দেন।
স্পিকার বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও কার্যপ্রণালি বিধির আলোকে। সংসদের ৩৫০ জন সদস্যেরই সমান অধিকার রয়েছে, তবে সব বক্তব্যই নির্ধারিত নিয়মের মধ্যে উপস্থাপন করতে হবে।
পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সঠিক সময় সম্পর্কে তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরই সাধারণত পয়েন্ট অব অর্ডার তোলা যায়। বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের আলোচনার সুযোগ সীমিত থাকে। যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্যের উত্থাপিত একটি বিষয়ে স্পিকার বলেন, তিনি স্পিকারের সম্মান প্রদর্শনের একটি আচরণকে সংসদীয় রীতির পরিপন্থি মনে করে বিষয়টি উত্থাপন করেছিলেন।
অন্যদিকে রংপুর-৬ আসনের সংসদ সদস্যের বক্তব্যের প্রসঙ্গে স্পিকার বলেন, শিক্ষক ও বেতনবঞ্চিত পৌর কর্মচারীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সংসদে আলোচনা করতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট বিষয়ে আগে থেকে নোটিশ দেওয়া হলে বিধি অনুযায়ী আলোচনা ও মন্ত্রীর বক্তব্য গ্রহণের সুযোগ তৈরি হতো।
স্পিকার আরও বলেন, সংসদে পয়েন্ট অব অর্ডার কেবল চলমান আলোচনার সঙ্গে সম্পর্কিত বিষয়েই উত্থাপন করা উচিত। সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে সকল সদস্যকে সংসদীয় বিধি-বিধান অনুসরণের আহ্বান জানান তিনি।