রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক মানবিক ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের জোরালো অবস্থান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিশ্বব্যাপী মানবিক সংকট দিন দিন গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের আরও সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে বিদ্যমান অর্থায়ন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা কামনা করেন।

তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) প্রতিমন্ত্রী ইকোসকের ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ারার্স সেগমেন্টের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ অংশ নেবেন। একই দিনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, জাতিসংঘে অনুষ্ঠিত এসব বৈঠক ও আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।