শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ জুন ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জনপ্রিয়তা কমার চাপে প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক:: তীব্র রাজনৈতিক চাপ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে গত এক দশকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করা ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন স্টারমার।

তিনি জানান, দলীয় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে রাজা তৃতীয় চার্লসকে অবহিত করা হয়েছে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে লেবার পার্টিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নতুন নেতা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে স্টারমার বলেন, তিনি এমন সময়ে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেছিলেন, যখন দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিকভাবে সংকটে ছিল। সে সময় অনেকেই দলটির ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিলেন। কিন্তু তার নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়িয়েছে এবং অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এখন দলের ভেতরে প্রশ্ন উঠেছে—আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। দলের সেই অবস্থানকে সম্মান জানিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্টারমার জানান, লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের মনোনয়ন গ্রহণ শুরু করবে। গ্রীষ্মকালীন সংসদীয় বিরতির মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে এবং সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় বসার আগেই নতুন নেতা দায়িত্ব নেবেন। তিনিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে স্টারমার বলেন, তিনি তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন এবং একটি আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক ব্রিটেন গঠনের প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে আবেগাপ্লুত হয়ে গত ছয় বছরে পাশে থাকা সহকর্মী, বন্ধু, ডাউনিং স্ট্রিটের কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে স্ত্রী ভিক এবং সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছার কথাও প্রকাশ করেন।

বক্তব্য শেষে স্ত্রীকে আলিঙ্গন করে তিনি ডাউনিং স্ট্রিটের ভেতরে ফিরে যান।