বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ জুন ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম বন্দরের এনসিটির ক্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে টার্মিনাল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

সোমবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এনসিটির একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুনের তাপে আশপাশে থাকা কয়েকটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে টার্মিনালের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, এনসিটির একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুন লাগে। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারি ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।