সোমবার
২২ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা ও ভবন থেকে দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন জানান, ভূমিকম্পের মাত্রা ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।
উল্লেখ্য, চলতি মাসে এটি নিয়ে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হলো। এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪.৪ মাত্রার, ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪.৫ মাত্রার এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।