সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ জুন ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক:: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দারুণ গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রাখল ২০১৮ সালের রানার্সআপরা।

ম্যাচের শুরুতে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়েশিয়া। বলের দখলে এগিয়ে থাকা পানামা একের পর এক আক্রমণে ক্রোয়াট রক্ষণকে ব্যস্ত রাখে। ২৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। আমির মুরিয়োর ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেসের শক্তিশালী হেড অসাধারণ দক্ষতায় ক্রসবারে ঠেলে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার এক শটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে মার্তিন বাতুরিনার নিচু শট দারুণভাবে ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আনেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। পেটার মুসার পরিবর্তে আন্তে বুদিমিরকে মাঠে নামানোর সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

৫৪তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে পাঠান বুদিমির। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পানামা। ৬৮তম মিনিটে আমির মুরিয়োর পরপর দুটি শট রুখে দেন লিভাকোভিচ। এরপর কর্নার থেকে কার্লোস হার্ভির হেডও এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে রক্ষা করেন এই ক্রোয়াট গোলরক্ষক।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ। জয়ের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকল তার এই অর্জন।

দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা আটটি দল নকআউট পর্বে খেলবে। সে হিসেবে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা এখনও জোরালোভাবেই টিকে আছে ক্রোয়েশিয়ার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পানামা।