বুধবার
২৪ জুন ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
কারাগার সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় গোয়েন্দা পুলিশ মঙ্গলবার নুরুল আলমকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, কারাগারে আনার পর নুরুল আলম অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, কারাগারে আনার সময় নুরুল আলম সুস্থ ছিলেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাতেও তিনি কোনো শারীরিক অসুস্থতার কথা জানাননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়। থানায় থাকা অবস্থায় তিনি সুস্থ ছিলেন এবং তাকে কেউ মারধর করেনি। আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।