বুধবার
২৪ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ উল্লেখ করে ভারতের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।
মুখপাত্র জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এরপরও দিল্লি বিমানবন্দরে তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাঁকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের নিজ দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।