বুধবার
২৪ জুন ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও আস্থাশীল করে তুলতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে ব্যাংক খাতের সংস্কার, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদের অনুমোদিত এ প্রকল্পের আওতায় ডিপোজিট প্রোটেকশন (আমানত বীমা) ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি ডিপোজিট প্রোটেকশন ফান্ডের মূলধন বৃদ্ধি, জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তোলা, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারে সহায়তা দেওয়া হবে।
প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামোও আধুনিকায়ন করা হবে, যাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিনির্ভর তদারকি আরও কার্যকর করা যায়।
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৬ সালের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। এই প্রকল্প ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ তোশিয়াকি ওনো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন অংশীদারদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প ব্যাংকিং খাতের সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি বাড়াবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা আরও শক্তিশালী করবে।