বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, ১৩টি সমঝোতার মধ্যে বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন (গ্রিন ডেভেলপমেন্ট), যৌথ কর্মপরিকল্পনা, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
তিনি বলেন, চীনের দেওয়া ঋণের সুদের হার কমানো, গ্রেস পিরিয়ড বৃদ্ধি এবং আরও অনুকূল অর্থায়নের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
এছাড়া গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় স্বাস্থ্য, শিক্ষা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ে পৃথক সহযোগিতা পরিকল্পনায় সম্মতি হয়েছে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানির জন্যও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মাহ্দী আমিন আরও জানান, বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে ধাপে ধাপে ম্যান্ডারিন ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় সহযোগিতা এবং গণমাধ্যম, রাষ্ট্রীয় টেলিভিশন, সংবাদপত্র ও থিংক ট্যাংকের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি পৃথক সমঝোতা হয়েছে।
বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আনোয়ারা ও মোংলা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৃথক সমঝোতা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাইয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং নিজ নিজ দলের পক্ষে এতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার, গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।