শুক্রবার
২৬ জুন ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের শেষ দিনে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
তিনি বলেন, কৌশলগত অংশীদারত্ব থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনসম্পৃক্ততার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী বেইজিংয়ে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে তাঁর সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এর আগে ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। পরে গত সোমবার রাতে World Economic Forum-এর একটি বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে বেইজিং যান তিনি।
সফরের শেষ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ঝাও লেজি-এর সঙ্গে সাক্ষাৎ, চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন এবং বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রা।