শুক্রবার
২৬ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ২ হাজার ৯৮০ জন। উদ্ধারকাজ চললেও ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বহু ভবন ধসে পড়ে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এদিকে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় এখন পর্যন্ত প্রায় ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত হয়েছে। জাতিসংঘের হিসাবে, এই দুর্যোগে প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত ২৫০টি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে রয়েছে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন এবং ফরাসি দূতাবাস।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির সংকটে অনেকেই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মশালের আলোয় রাতভর উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
উপকূলীয় শহর লা গুয়ারা ও মোরনসহ ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। হাজারো মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে ভেনেজুয়াকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, কাতার, ডোমিনিকান প্রজাতন্ত্র ও এল সালভাদর। বিভিন্ন দেশ ইতোমধ্যে উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী, মানবিক সহায়তা এবং ত্রাণ পাঠানো শুরু করেছে।
যুক্তরাষ্ট্র ১৫ কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। একই সঙ্গে জাতিসংঘ জানিয়েছে, এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বিত সহায়তা অত্যন্ত জরুরি।