শুক্রবার
২৬ জুন ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কদমতলী ও রাউজানে পৃথক দুই ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে নগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নগরীর ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাসরোধে দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার হৃদয় মিয়া (২৫)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন প্রদীপ দাস ও সমীরণ দাস।
রাউজান থানা পুলিশ জানায়, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
দুই ঘটনাতেই পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।