সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৭ জুন ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হানার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর ও ব্যাপক হবে।

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, ওই হামলার জন্য তেহরান দায়ী।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে নতুন হামলা এবং এর জেরে উভয় দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হামলার ঘটনাকে ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ওই সমঝোতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছিল। এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক ঘটনাবলি আবারও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে।