মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৭ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পটিয়ায় প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ১

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় রেললাইন পার হওয়ার সময় প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসদরের বাহুলী শ্রীমাই ব্রিজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার (৫৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের বাসিন্দা এবং মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগম (৬০) একই গ্রামের বাসিন্দা ও সমিউদ্দিনের স্ত্রী।

জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবারের জন্য যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই নুর নাহারের মৃত্যু হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, রাশেদা বেগমের মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে রক্ত জমাট বেঁধেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।