সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৮ জুন ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুর্দান্ত ফুটবলে ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক:: নকআউটে ওঠার লড়াইয়ে চাপের ম্যাচে দারুণ ফুটবল খেলেছে ক্রোয়েশিয়া। ঘানার বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

বাংলাদেশ সময় রোববার ভোরে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন পেতার সুচিচ ও নিকোলা ভ্লাসিচ। ঘানার একমাত্র গোলটি করেন ডেরিক লাকাশেন।

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ঘানা সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে।

একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে পানামা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। ১৭তম মিনিটে নিকোলা ভ্লাসিচের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় তারা।

তবে ৩১তম মিনিটে অপেক্ষার অবসান ঘটে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া পেতার সুচিচের নিচু শট জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেয়। জাতীয় দলের হয়ে প্রায় দুই বছর পর গোলের দেখা পান এই মিডফিল্ডার।

প্রথমার্ধের শেষদিকে ঘানা সমতায় ফেরার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ঘানা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৩তম মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বলে ডেরিক লাকাশেন গোল করলে প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দিলেও পরে ভিএআরের সহায়তায় গোলের স্বীকৃতি দেন রেফারি।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮২তম মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন নিকোলা ভ্লাসিচ।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।