সোমবার
২৯ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেই নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। এবার নকআউট পর্বে জাপানের বিপক্ষে তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমার ১৫ মিনিটের বেশি খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি। তবে তিনি ঠিক কতক্ষণ মাঠে থাকবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।
রোববার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “নেইমারের উন্নতি খুব ভালোভাবে হচ্ছে। গত এক সপ্তাহে সে অনেক এগিয়েছে। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। অবশ্যই সে ১৫ মিনিটের বেশি খেলতে পারে। তবে আগামীকালের ম্যাচে সে কতক্ষণ খেলবে, সেটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।”
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী একাদশই জাপানের বিপক্ষেও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। ফলে নেইমারকে আবারও বেঞ্চ থেকেই শুরু করতে দেখা যেতে পারে।
ডান পায়ের কাফের চোটের কারণে জাতীয় দলের হয়ে টানা ৯৮১ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। গ্রুপ পর্বে ধীরে ধীরে ফিট হয়ে ওঠার পর স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলেন। এবার জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানকে হারাতে পারলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।