মঙ্গলবার
৩০ জুন ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সীতাকুণ্ড প্রতিনিধি:: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও সড়ক অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধ শুরু হলে মহাসড়কের সীতাকুণ্ড অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, নগরীর সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত বিভিন্ন স্থানে অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা এক স্থান থেকে সরে গিয়ে অন্য স্থানে অবস্থান নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০টি স্থানে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে শুধু যান চলাচলই নয়, আশপাশের বিভিন্ন বাজারের দোকানপাটও বন্ধ হয়ে যায়। বাড়বকুণ্ড এলাকায় সড়কের পাশে থাকা একটি বড় গাছ কেটে মহাসড়কে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এর আগে মঙ্গলবার আপিল বিভাগ ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারান।
উল্লেখ্য, নির্বাচনের আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও পরে ঋণখেলাপির অভিযোগে বিষয়টি আদালতে গড়ায়। নির্বাচন কমিশন ও হাইকোর্টে প্রার্থিতা বহাল থাকলেও আপিল বিভাগ চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বাতিল করেন।
এর আগে দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তার সময়ও আসলাম চৌধুরীর সমর্থকরা সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এবারও আদালতের রায়ের পর একই ধরনের কর্মসূচিতে নেমেছেন তারা।