বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের বিদ্যমান ভিসা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালে প্রণীত ভিসানীতি সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয়। পরে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া ভিসানীতি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকার জানিয়েছে, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা শিল্পকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই নতুন ভিসানীতির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া আধুনিক, সেবামুখী ও সময়োপযোগী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যেও ২০০৬ সালের ভিসানীতিতে সংশোধন এনে ভিসানীতি-২০২৬ প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
খসড়া পর্যালোচনা শেষে মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ভিসানীতির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।