বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএর অভিযান, সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভবনের মালিককে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে চারটি ভবন সিলগালা করা হয়েছে এবং তিনটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নগরের বিভিন্ন এলাকায় সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী মোট ১৫টি ভবনে অভিযান চালায়।

সিডিএ সূত্রে জানা যায়, কল্পলোক আবাসিক এলাকায় বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) না রাখা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি ভবনের মালিককে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ভবন সিলগালা করা হয়।

অভিযানকালে কল্পলোক আবাসিক এলাকায় ফুটপাত দখল করে নির্মিত কয়েকটি দোকান স্বেচ্ছায় অপসারণের নির্দেশ দেওয়া হয়।

পরে কে বি আমান আলী রোড এলাকায় সেটব্যাক না রেখে এবং সড়ক দখল করে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে মোহরা এলাকায় অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণের অভিযোগে একটি ভবন সিলগালা করা হয়। এছাড়া নকশাবহির্ভূত নির্মাণের দায়ে আরও দুই ভবনের মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে অভিযান চালিয়ে অনুমোদিত নকশা না থাকায় ভবনটি সিলগালা করা হয়। একই অভিযানে ১৪ তলা কাজী টুইন টাওয়ার ভবনের মালিকপক্ষ অনুমোদিত নকশা উপস্থাপন করতে না পারায় ভবনটিও সিলগালা করা হয়।

সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ জানান, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করা এবং বিভিন্ন ধরনের নির্মাণবিধি লঙ্ঘনের দায়ে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ১২(১) ধারা অনুযায়ী সাতটি ভবনের মালিককে জরিমানা এবং চারটি ভবন সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, নগরে অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ রোধে সিডিএর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।