শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শনিবার

০৪ জুলাই ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আনোয়ারায় গৃহবধূ ও জেলের অপমৃত্যু, দুই ঘটনায় তদন্তে পুলিশ

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকা থেকে ২২ বছর বয়সী গৃহবধূ উম্মে হাবিবার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।

পরিবারের দাবি, পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি ইঁদুর মারার বিষ পান করেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ৩৫ বছর বয়সী জেলে জিকু সর্দারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েকদিন ধরে জিকু সর্দার মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। পাওনা টাকা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন বলেও জানিয়েছেন তার স্ত্রী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলের মৃত্যুর ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অভিযোগ বা অসঙ্গতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।