রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৭ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বৃষ্টি থামছে না, পানিতে ডুবছে চট্টগ্রামের একের পর এক এলাকা

নিজস্ব প্রতিবেদক: টানা অতি ভারী বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। গত ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর সঙ্গে কর্ণফুলী নদীর জোয়ার ও পাহাড়ি ঢল মিলিয়ে নগরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার বৃষ্টির তথ্য জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, এ সময়ের মধ্যে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

অন্যদিকে নগরের আমবাগান আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ বিজন রায় জানান, একই সময়ে সেখানে ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

অতি ভারী বর্ষণের কারণে পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরাসহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও খেটে খাওয়া মানুষ।

জলাবদ্ধতার কারণে নগরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি গণপরিবহন চলাচলও কমে গেছে এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

এদিকে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।